জামায়াত আমিরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশের খবর রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরার আমিরের কার্যালয়ে এই বৈঠক এবং এক ব্রেকফাস্ট সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস ডেবরা বয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আলোচনার শুরুতে হাইকমিশনার ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।
জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *