আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

দেশের খবর রাজনীতি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আইনি ভিত্তি ও নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা না পেলে সনদে স্বাক্ষর করব না। কারণ সেটি মূল্যহীন হবে। পরবর্তী সরকার কীভাবে বাস্তবায়ন করবে, সেই নিশ্চয়তা না পেলে আমরা জুলাই সনদ স্বাক্ষরের আয়োজনেও অংশ নেব না।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এই আদেশ জারি করবেন। সেই খসড়ার ওপর রাজনৈতিক দলের ঐকমত্য না হলে আমরা সনদে স্বাক্ষর করব না।” নাহিদ ইসলাম জানান, “ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই এই আদেশ প্রেসিডেন্ট নয়, বরং সরকার প্রধান হিসেবে তিনি জারি করবেন। আমরা সেই টেক্সট দেখতে চাই।”
তিনি বলেন, “জুলাই সনদের ৮৪টি সংস্কার বিষয় গণভোটে তোলা হবে। গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। ভোটের প্রশ্ন ও কাঠামো আগেই চূড়ান্ত করতে হবে এবং সেটা রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে।” এনসিপির আহ্বায়ক আরও যোগ করেন, “গণভোটে জনগণ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে। তবে এখনো স্পষ্ট নয়, সেটি সংশোধনী আকারে আসবে নাকি নতুন কাঠামো হিসেবে।”
এর আগে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকে, তাহলে স্বাক্ষরের অর্থই থাকবে না। তাই আমরা এখনো বিষয়টি বিবেচনাধীন রেখেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *