২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা এখন ওয়েবসাইট, এসএমএস, শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রের মাধ্যমে ফল জানতে পারবেন।
ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।
ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, যা ছাত্রদের (৫৪ দশমিক ৬০ শতাংশ) তুলনায় বেশি। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর মোট ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
পাসের হারে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে সবচেয়ে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, যার পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ।

