এনআইডি কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান

রাজনীতি

এনআইডি কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান

ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে যান।

নির্বাচন কমিশন ভবনে এনআইডি নিবন্ধনের অংশ হিসেবে তারেক রহমানের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট), চোখের আইরিশ স্ক্যান ও স্বাক্ষর গ্রহণ করা হয়।

এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানান, আবেদন করার পর ৭ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি সরবরাহ করা হবে।

তিনি বলেন, “তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। কোনো কারণে বিলম্ব হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।”

উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর দীর্ঘদিন দেশে না থাকায় তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায় ভোটার হন।

#তারেক_রহমান #এনআইডি #ভোটার_নিবন্ধন #বিএনপি
#TariqueRahman #NID #VoterRegistration #BNP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *