বৃষ্টিতে লাল হয়ে ওঠে ইরানের হরমুজ দ্বীপের উপকূল
ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ দ্বীপে বৃষ্টি নামলেই মাটি স্পর্শ করার পর পানি লাল রঙ ধারণ করে। এই লাল স্রোত পরে পারস্য সাগরে মিশে যায়, যা দূর থেকে রক্তের আভা মনে হয়।
বিজ্ঞানসম্মত ব্যাখ্যা: হরমুজ দ্বীপের মাটিতে লোহা বা আয়রন অক্সাইডের পরিমাণ অত্যধিক। বৃষ্টির পানি মাটির সঙ্গে মিশে লোহাকে দ্রবীভূত করে। লোহার সঙ্গে মেশার পর আলো থেকে স্বল্প তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয় এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য (লাল রঙ) প্রতিফলিত হয়। ফলে পানি লাল দেখায়।
হরমুজ দ্বীপ তেহরান থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে বৃষ্টি সাধারণত কম হলেও শীত ও বসন্তের শুরুতে দেখা দেয়। দ্বীপের মাটি শিল্প ও সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয় এবং এতে লাল ছাড়াও হলুদ, কমলা ও অন্যান্য রঙের ছাপ থাকে। স্থানীয়রা দ্বীপকে ‘রংধনু দ্বীপ’ নামেও ডাকে।
পর্যটকরা বৃষ্টির সময়ে এই প্রাকৃতিক রূপসৌন্দর্য দেখার জন্য প্রতিবছর দ্বীপে ছুটে আসেন।

