ভুটান প্রধানমন্ত্রীর সফরে ঢাকা–থিম্পু সম্পর্কে নতুন গতি

আন্তর্জাতিক দেশের খবর রাজনীতি
ভুটান প্রধানমন্ত্রীর সফরে ঢাকা–থিম্পু সম্পর্কে নতুন গতি
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফর বাংলাদেশ–ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। রোববার প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলা এ সফর দুই দেশের বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে।
ঢাকায় পৌঁছালে ভুটান প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ/নূস তাকে স্বাগত জানান। এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একটি চারা রোপণ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
দুই পক্ষ কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন বিষয়ে অগ্রগতি, চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ট্রানজিট পাইলট সফলভাবে সম্পন্ন হওয়া এবং ভুটানে সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ সরবরাহে বাংলাদেশ সরকারের প্রস্তাবের বিষয়েও সন্তোষ প্রকাশ করে।
ভুটানি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে আসন বাড়ানোয় প্রধানমন্ত্রী তোবগে ধন্যবাদ জানান। পাশাপাশি বুয়েট, বিকেএসপি ও বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে ভুটানি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসনের প্রস্তাব রাখে বাংলাদেশ।
দুই দেশের নেতারা সার্ক ও বিমসটেকসহ আঞ্চলিক প্ল্যাটফর্মে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন। ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ/নূসকে সুবিধাজনক সময়ে থিম্পু সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *