স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

রাজনীতি
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে ভিডিওবার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তফশিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা— আসিফ মাহমুদ ও মাহফুজ আলম— পদত্যাগ করেন। এরপর থেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনা শুরু হয়। অনেকে ধারণা করেছিলেন, তারা এনসিপি বা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি–জোটের প্রার্থী হতে পারেন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে আসিফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না; বরং নির্দলীয়ভাবে ভোটের লড়াইয়ে নামছেন।
ভিডিওবার্তায় আসিফ বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়া কঠিন হলেও অসম্ভব নয়। দলাদলি–বিভাজনের রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই।”
তিনি আরও বলেন, “এই পথ সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ থেকে শক্তি নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
ঢাকা–১০ আসনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ অন্তর্ভুক্ত। আসিফ বলেন, “বড় দলের সমর্থন, বিশাল কর্মী বাহিনী কিংবা অর্থনৈতিক সুবিধা— কিছুই আমার নেই। জনগণের সহযোগিতাই আমার শক্তি। আমার দায়বদ্ধতাও সেখানেই।”
তিনি আরও যোগ করেন, “আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। দেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
অন্যদিকে পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না— এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *