তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাল আপিল বিভাগ
দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করেছে। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ করে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনেছে আদালত।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দেয়। আদালত পর্যবেক্ষণে বলেন— অতীতে তত্ত্বাবধায়ক বাতিলের যে রায় হয়েছিল, তা ছিল ক/ল/ঙ্কিত ও একাধিক ত্রুটিপূর্ণ। তাই সেই রায় সম্পূর্ণ বাতিল করা হলো।
বেঞ্চের অন্যান্য বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস. এম. ইমদাদুল হক, এ. কে. এম. আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
রায়ে বলা হয়েছে, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২(ক)-এ থাকা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনরুজ্জীবিত হলো। তবে অনুচ্ছেদ ৫৮(খ)(১) ও ৫৮(গ)(২)-এর শর্ত অনুযায়ী তা ভবিষ্যতে কার্যকর হবে।
আইনজীবী শিশির মনির জানান, রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে ১৪তম জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।
গত ১১ নভেম্বর শুনানি শেষে আজ (২০ নভেম্বর) এই ঐতিহাসিক রায় ঘোষণা করে আপিল বিভাগ।

