তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়েছে— ঢাকাসহ সারাদেশে কোনও ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, কেক কাটা বা উৎসব আয়োজন করা যাবে না। পোস্টার–ব্যানারের পরিবর্তে নেতাকর্মীদের সাধারণ ও সংযতভাবে দিনটি পালন করার আহ্বান জানানো হয়েছে।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় বিএএফ শাহীন কলেজ থেকে, পরে সেন্ট যোসেফ কলেজ ও ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করেন। ব্যবসায়িক ক্যারিয়ারের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।
বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হলেও ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার অবস্থান আরও দৃঢ় হয়।

