১১২ বছরের পুরোনো ‘উইন্টার এগ’ বিক্রি ৩৭০ কোটি টাকায়
১১২ বছরের পুরোনো অনন্য শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের তৈরি এই বিখ্যাত শিল্পকর্মটি মঙ্গলবার বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ডে—বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৭০.৯ কোটি টাকা।
ক্রিস্টিস জানিয়েছে, ফাবারজের আর কোনো শিল্পকর্ম এর আগে এত উচ্চ দামে বিক্রি হয়নি। ডিমটি কিনেছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা। এর মাধ্যমে ভেঙে গেছে ২০০৭ সালে গড়া পূর্বের বিক্রির রেকর্ড।
ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, ‘এই ফলাফল আবারও প্রমাণ করে ফাবারজের শিল্পকর্ম কতটা চিরন্তন ও মূল্যবান।’
১৯১৩ সালে রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে ‘উইন্টার এগ’ তৈরি করা হয় এবং তা উপহার দেওয়া হয় তার মাকে। একসময় এটি রোমানভ রাজপরিবারের সংগ্রহে ছিল।
রক ক্রিস্টাল দিয়ে খোদাই করা এই ডিমটির উচ্চতা মাত্র ৮.২ সেন্টিমিটার। এতে জড়ানো রয়েছে প্রায় ৪ হাজার ৫০০ হীরকখণ্ড, যার মধ্যে রোজ-কাট পাথরও আছে। প্লাটিনামের তুষারফুলের নকশায় সজ্জিত ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো একটি ছোট ফুলের ঝুড়ি।
ডিমটির নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিহল, যিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ কর্মশালার দুই নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।
১৮৮৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রোমানভ পরিবারকে ফাবারজে মোট ৫০টি ডিম তৈরি করে দেন। ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ সেই ঐতিহাসিক ৫০টির একটি। এর মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায়, বাকিগুলো সংরক্ষিত আছে বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে; আর কিছু এখনো নিখোঁজ।

