খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন মোদি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। নরেন্দ্র মোদি তার পোস্টে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা ও মঙ্গল কামনা।”
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি এবং হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

