ভালোবাসার শক্তিতেই নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেছেন, জনগণের ভালোবাসাই তার রাজনীতির প্রধান শক্তি।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে অবস্থিত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
গিয়াস উদ্দিন তাহেরি বলেন, আমি আপনাদের এলাকার জামাই। আপনাদের ভালোবাসার ওপরই আমার ভরসা। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি এবং আপনাদের ভালোবাসার মধ্যেই থাকতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সড়কসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

