কলকাতায় রুক্মিণীর ‘পাত্র চাই’ পোস্টার ঘিরে চর্চা

বিনোদন
কলকাতার বিভিন্ন রাস্তায় হঠাৎ ঝুলে থাকা টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ‘পাত্র চাই’ পোস্টার এখন শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাদা-কালো পোস্টারটিতে বড় করে লেখা— ‘পাত্র চাই’, সঙ্গে যোগ করা হয়েছে পাত্রের যোগ্যতার বিশদ তথ্য। পথচারীরা প্রথমে ধারণা করেছিলেন, এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। কিন্তু পোস্টারের নিচে দেওয়া নাম— দীপক চক্রবর্তী— আরও রহস্য বাড়ায়।
শেষ পর্যন্ত জানা যায়, দীপক চক্রবর্তী কোনো বাস্তব ব্যক্তি নন; তিনি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত একটি চরিত্রের নাম। আর পুরো ঘটনাই রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’র প্রচারণার অংশ। বাবা-মেয়ের সম্পর্কের আবেগ, টানাপোড়েন ও জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা, আর মা চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমায় রুক্মিণীর বাবার চরিত্রে থাকা চিরঞ্জিৎ চক্রবর্তীই গল্পে মেয়ের জন্য ‘পাত্র খুঁজছেন’। সেই ধারণা থেকেই পোস্টার-বেইসড এই ব্যতিক্রমী প্রচারণা।
প্রচারক দল জানিয়েছে, বর্তমান সময়ে দর্শকের মনোযোগ আকর্ষণে নতুন ধরণের কৌশল ব্যবহারের প্রয়োজন হয়। তাই পুরো শহরে এমন পোস্টার টাঙানো হয়েছে, যা দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন, কেউ আবার মোবাইলে খুঁজছেন— ‘রুক্মিণীর বিয়ে কবে?’— যা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে। তাদের মতে, প্রতিক্রিয়াই প্রমাণ করে— প্রচারণা সফল হয়েছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *