বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিণীতি ও তার স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যে কোনো মুহূর্তেই তারা নতুন অতিথির আগমনের সুখবর দিতে পারেন। তবে এখন পর্যন্ত পরিণীতি বা রাঘব—দুজনের কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এর আগে চলতি বছরের আগস্টে নিজেদের জীবনের এই বিশেষ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন এই দম্পতি। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে পরিণীতি লিখেছিলেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য বোধ করছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল বলিউডের অন্যতম আলোচিত আয়োজন। বিয়ের পর থেকে পরিণীতি আর নতুন কোনো সিনেমায় কাজ করেননি।

