উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত হলো

রাজনীতি
উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত হলো
জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ঐকমত্য স্থাপনের প্রচেষ্টা এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।
সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) চূড়ান্তকরণ, গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। দেখা গেছে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত রয়েছে।
গণভোট কখন অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে তা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ-আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এছাড়া, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *