আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে মাঠে নামছে বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা ও মহানগরের নারী জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।
তারেক রহমানের নির্দেশে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এই উদ্যোগ নিয়েছে। নেতৃত্ব দিচ্ছেন বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
সেলিমা রহমান বলেন, “নারী জনপ্রতিনিধিদের মাঠপর্যায়ে সক্রিয় করতে নির্দেশনা দেওয়া হবে।” খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, “সকালে খুলনা প্রেসক্লাবে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।”
দলীয় সূত্র জানায়, ধাপে ধাপে খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা হবে। এসব সভার মাধ্যমে নারী নেত্রীরা আসনভিত্তিকভাবে গণসংযোগ চালাবেন।
নিপুণ রায় বলেন, “নারীর ক্ষমতায়ন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড ‘ডোর টু ডোর’ প্রচার করাই আমাদের লক্ষ্য।”

