ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি
ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শুরুতে রাষ্ট্রদূত আমিরে জামায়াতের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের সার্বিক ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এ ছাড়াও বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *