বেনজীরের ৭৯২ ধরনের মালামাল গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও কন্যার নামে নিবন্ধিত চারটি ফ্ল্যাট থেকে জব্দ করা ৭৯২ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব মালামাল হস্তান্তর করেছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, গুলশানে অবস্থিত বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা ১৯টি ফ্রিজ, বিপুলসংখ্যক এসি, আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ পোশাক, জুতা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী মিলিয়ে মোট ৭৯২ ধরনের মালামাল জব্দ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী এগুলো প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে হস্তান্তর করা হয়েছে।
দুদকের চিঠির সূত্রে জানা গেছে, পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়, রান্নাঘরের জিনিসপত্র ও কিছু নমুনা রেখে বাকি সব মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ১৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
দুদকের অনুসন্ধানে বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাবের তথ্য পাওয়া যায়। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়।
সব মিলিয়ে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে। বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।
#বেনজীরআহমেদ #দুদক #দুর্নীতি #জব্দকৃতসম্পদ #বাংলাদেশসংবাদ
#BenazirAhmed #ACC #AntiCorruption #BangladeshNews #SeizedAssets

