বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

দেশের খবর
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
বরিশালের বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগে শিক্ষাগত যোগ্যতার মি/থ্যা তথ্য দেওয়ার অভিযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ৭ দিনের আল্টিমেটাম সহ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগকারী মামুন ফরাজীর পক্ষে বরিশাল জজ কোর্টের আইনজীবী নোটিশ দেন। এতে বলা হয়েছে, ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিক্ষা বোর্ড বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়। বিএনপির নেতা আ. সবুর খানকে সভাপতি করা হয়। বিদ্যালয় কমিটির নীতিমালা অনুযায়ী সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক পাশ থাকতে হবে। কিন্তু সবুর খান নিজেকে বিএ পাস উল্লেখ করলেও প্রমাণ জমা দেননি; বাস্তবে তিনি এসএসসি পাস। অভিযোগকারী দাবি করেন, বিএনপির প্রভাব খাটিয়ে তিনি মিথ্যা তথ্য দিয়ে ১৫০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতির পদ দখল করেছেন। আবেদন দাখিলের এক মাস পার হলেও শিক্ষা বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, তদন্তে সময় লেগেছে, তাই লিগ্যাল নোটিশ সময়োপযোগী নয়। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে সবুর খানকে সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল জানান, এখনও এ সংক্রান্ত শিক্ষা বোর্ডের লিখিত কোনো নোটিশ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *