হয়রানি নিরসনে আগামীকাল বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে। এই উদ্যোগে জামিন পাওয়ার পর এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে বেশ কিছু সংস্কার নিজেরা করেছি, কোনো সহযোগিতা ছাড়াই। কাল আমরা অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করব। আগে জামিন পাওয়ার পর থেকে মুক্তি পর্যন্ত ১২টি ধাপ পেরোতে হতো, এখন এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে কারাগারে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “এই প্রক্রিয়ায় অনেক ধাপে হয়/রানি ও ঘু/ষের মুখোমুখি হতে হতো। পাইলট প্রকল্প হিসেবে কাল থেকে চালু করছি অনলাইন জামিননামা ব্যবস্থা। সরকারের অর্থেই এটি করা হয়েছে, কোনো বাইরের সহযোগিতা লাগেনি।” আইন উপদেষ্টা জানান, “আমাদের সরকারের পর্যাপ্ত তহবিল রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা ও রেজিস্টার অফিসে ১৫০০ কোটি টাকা রয়েছে। আমরা নিজেদের অর্থে ভালো কাজ করতে পারি, সেটাই প্রমাণ করছি।”
এ সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গু/ম আইন, দুদক আইন এবং মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

