বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ এবার আসছে বড়পর্দায়। উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজসহ একঝাঁক তারকা।
‘টেলিভিশন’ সিনেমার পর দীর্ঘদিন পর আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক তানিম নূর, যিনি এর আগে ‘উৎসব’ সিনেমা দিয়ে সমালোচক ও দর্শক—দু’য়েরই প্রশংসা কুড়িয়েছিলেন।
তানিম নূর জানান, “এখনো প্রাথমিক পরিকল্পনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।” তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, হুমায়ূন আহমেদের দুই পরিবার থেকেই ‘কিছুক্ষণ’ সিনেমার অনুমতি মিলেছে।
সিনেমার শুটিং শুরু হবে আসছে ডিসেম্বরেই, আর ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মেও।
‘উৎসব’-এর মতোই ‘কিছুক্ষণ’ সিনেমাতেও তারকাদের মেলা বসাতে যাচ্ছেন তানিম নূর। শোনা যাচ্ছে, সাবিলা নূরও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম সবসময়ই বাঙালি দর্শকের আবেগের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ফলে ‘কিছুক্ষণ’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

