আচরণবিধি লঙ্ঘনে ড. রেজা কিবরিয়াকে শোকজ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং ৩ জানুয়ারি পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার চালান ড. রেজা কিবরিয়া। এসব ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ নির্বাচন কমিটির কাছে জমা পড়ে।
এ বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে।
#ড_রেজা_কিবরিয়া #হবিগঞ্জ #নির্বাচন #বিএনপি
#RezaKibria #Habiganj #Election #BNP

