জিয়া–খালেদার সমাধিস্থল উন্মুক্ত

রাজনীতি

জিয়া–খালেদার সমাধিস্থল উন্মুক্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

খালেদা জিয়ার মৃ/ত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সংস্কার কাজের কারণে উদ্যান বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণী মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে কেউ কেউ সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্যানের ভেতরে চলমান সংস্কার কাজের জন্য সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও সবার জন্য খুলে দেওয়া হয়। পুরো এলাকা জুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকাল পৌনে ৫টায় তাকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতা এবং ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জিয়া–খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত হওয়ায় দেশজুড়ে দলীয় সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

#জিয়াউর_রহমান #খালেদা_জিয়া #জিয়া_উদ্যান #জাতীয়_রাজনীতি #ঢাকা_সংবাদ
#ZiaurRahman #KhaledaZia #ZiaUdyan #BangladeshPolitics #DhakaNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *