এনসিপি’র বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি!

রাজনীতি

এনসিপি’র বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি!

নির্বাচনের শেষ মুহূর্তে মিত্র দলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমঝোতা হলে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

সূত্র জানায়, এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপি’তে যোগ দেওয়া কয়েকজন নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ পেতে পারেন। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও আলোচনা অনেক দূর এগিয়েছে।

এনসিপি’র একটি বড় অংশের সঙ্গে সমঝোতার বিষয়টি গোপন রাখতেই আগ্রহী বিএনপি। দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, অনানুষ্ঠানিক আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং দু–এক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হতে পারে।

তবে বিএনপি ও এনসিপি’র শীর্ষ পর্যায়ের আলোচনায় চাওয়া–পাওয়া নিয়ে শেষ পর্যন্ত পূর্ণ বোঝাপড়া হয়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী’র সঙ্গে এনসিপি’র আলোচনাও চললেও দলের ভেতরের একটি বড় অংশ এতে আপত্তি জানিয়েছে।

জানা গেছে, বিএনপি’র শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপি’র নেতৃত্বের একাধিকবার প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টাও করা হয়, তবে তা সম্ভব হয়নি।

এদিকে জামায়াতে’র সঙ্গে সম্ভাব্য জোট ইস্যুতে এনসিপি’র ভেতরে ভাঙন স্পষ্ট হয়েছে। শনিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ নেতা তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে পদত্যাগ করেন মীর আরশাদুল হক।

এছাড়া দলের ৩০ জন নেতা এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াতে’র সঙ্গে জোটের বিষয়ে নীতিগত আপত্তির কথা জানান। তারা বলেন, এ ধরনের জোট এনসিপি’র রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও মধ্যপন্থী অবস্থানকে দুর্বল করতে পারে।

#বিএনপি #এনসিপি #রাজনীতি #নির্বাচন #আসনসমঝোতা #বাংলাদেশরাজনীতি
#BNP #NCP #BangladeshPolitics #Election2025 #PoliticalAlliance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *