সালমানের জন্মদিনে ক্যাটরিনার বার্তা
বলিউডের একসময়ের আলোচিত জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়নের বাইরে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছে। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটে, তবে পারস্পরিক সম্মান যে এখনো অটুট— তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা।
শনিবার (২৭ ডিসেম্বর) বলিউড তারকা সালমান খানের ৬০তম জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। জন্মদিনে বরাবরের মতো সালমানকে ‘টাইগার’ নামেই সম্বোধন করেন তিনি।
ক্যাটরিনা তার পোস্টে লেখেন, “টাইগার, টাইগার, টাইগার— ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।”
এদিকে জানা গেছে, প্যানভেলের ফার্মহাউসে মধ্যরাতে ঘনিষ্ঠজন ও বলিউড তারকাদের নিয়ে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন সালমান খান। পরিবার, বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজানখ্যাত এই অভিনেতা।
বর্তমানে ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী ও এক সন্তানের মা। ব্যক্তিগত জীবন বদলে গেলেও সাবেক সম্পর্কের প্রতি সৌজন্য ও শ্রদ্ধার নজির গড়লেন তিনি— যা ইতোমধ্যেই ভক্তদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
#সালমানখান #ক্যাটরিনাকাইফ #বলিউড #বিনোদন #সেলিব্রিটিনিউজ #জন্মদিন
#SalmanKhan #KatrinaKaif #BollywoodNews #Entertainment #CelebrityNews

