অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জাতির সং/কটময় মুহূর্তে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেও তাদের সহযোগিতা প্রয়োজন।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যু/ত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল। তিনি সামরিক বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা র/ক্ষাকারী সংস্থাগুলোর উদ্দেশে বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত সহায়তা জরুরি।
অধ্যাপক ইউনূস বলেন, গত বছরের ছাত্র–জনতার র/ক্তক্ষ/য়ী অভ্যু/ত্থানের মাধ্যমে অতীত শা/সনব্যবস্থার অবসান হয়েছে এবং মানুষের মনে নতুন আশা সৃষ্টি হয়েছে। দেশের কাঙ্ক্ষিত সং/স্কার কর্মসূচি বাস্তবায়নের প্রতি তিনি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডিএসসিএসসিকে তিনি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। আইএসপিআরের তথ্যমতে, এ বছর বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ২৫১ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের তিনজন এবং বিশ্বের ২৫টি দেশের ৫৮ জন কর্মকর্তা মিলে মোট ৩১১ জন কোর্সটি শেষ করেন। এর মধ্যে ১৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

