বাংলাদেশিদের জন্য সুখবর, শিগগিরই শ্রমিক নেবে থাইল্যান্ড
বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে থাইল্যান্ড। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হলে খুব শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করতে চায় দেশটি।
বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ আশাবাদের কথা জানান থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ত্রিনুচ থিয়েনথং। তিনি বলেন, থাইল্যান্ডের চলমান শ্রমিক সংকট মোকাবিলায় নিরাপদ ও টেকসই শ্রম অভিবাসন ব্যবস্থাপনার আওতায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ রয়েছে।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী জানান, বাংলাদেশ নিয়মিত, সুশৃঙ্খল ও নিরাপদ প্রক্রিয়ায় থাইল্যান্ডে কর্মী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত। শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের বিদ্যমান সিস্টেম সরেজমিনে পরিদর্শনের জন্য থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।
রাষ্ট্রদূত কাজী থাইল্যান্ডের শ্রমমন্ত্রীকে এ বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে চলমান আলোচনা ও অগ্রগতির কথাও অবহিত করেন। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য বড় শ্রমবাজারের উত্তম চর্চা অনুসরণে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে থাই শ্রমমন্ত্রী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্ভাব্য এমওইউ দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দেন। পাশাপাশি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের পক্ষ থেকে থাইল্যান্ডের শ্রমমন্ত্রীকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে থাইল্যান্ডের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আলোচনা চললেও সম্প্রতি সীমান্ত অঞ্চলে সশস্ত্র সংঘাতের কারণে বহু কম্বোডিয়ান শ্রমিক দেশে ফিরে যাওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

