ঘূর্ণিঝড় ডি/টওয়াহ এগিয়ে আসছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ডি/টওয়াহ-এ রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হচ্ছে এবং এতে সাগর উত্তাল হয়ে উঠেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আগের ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডি/টওয়াহ চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২০৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে প্রায় ৫৪ কিলোমিটার এলাকাজুড়ে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

