জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির কারণে গত সপ্তাহেই তার শেষ কর্মদিবস সম্পন্ন হয়েছে। রীতি অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান এবং পরবর্তীতে তার নিয়োগ স্থায়ী হয়।
#প্রধান_বিচারপতি #বাংলাদেশ #সুপ্রিমকোর্ট #আইন #রাষ্ট্র
#ChiefJustice #Bangladesh #SupremeCourt #Judiciary #Law

