রাশিয়া-সিরিয়া সামরিক সহায়তা বাড়াতে মস্কোতে বৈঠক

আন্তর্জাতিক

রাশিয়া-সিরিয়া সামরিক সহায়তা বাড়াতে মস্কোতে বৈঠক

রাশিয়া ও সিরিয়ার মধ্যে সামরিক সহায়তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে মস্কোতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রতিরক্ষা খাত ও সামরিক শিল্পে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি।

বৈঠকে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো, আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ, গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষতা বিনিময় এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব এমনভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়, যাতে সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক শক্তি আরও সুদৃঢ় হয়।

সংবাদ সংস্থাটি আরও জানায়, বৈঠকে আন্তর্জাতিক ফোরামে মস্কো ও দামেস্কের মধ্যে কূটনৈতিক সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সিরিয়ার পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় ভ্লাদিমির পুতিন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরাইলি লঙ্ঘন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হু/মকি বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথমবারের মতো সিরিয়ার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মস্কো সফর করলেন।

#রাশিয়া #সিরিয়া #আন্তর্জাতিকরাজনীতি #সামরিকসহযোগিতা #মধ্যপ্রাচ্য
#Russia #Syria #MilitaryCooperation #GlobalPolitics #MiddleEast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *