লন্ডন থেকেই ভোটার ও প্রার্থী হতে পারেন তারেক রহমান

রাজনীতি
লন্ডন থেকেই ভোটার ও প্রার্থী হতে পারেন তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভোটার এবং প্রার্থী হতে পারবেন কি না—এ প্রশ্ন। নির্বাচন কমিশন সূত্র জানায়, আইনগত যোগ্যতা পূরণ করলে দেশের বাইরে বসেই ভোটার হওয়া এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
ইসির তথ্য অনুযায়ী, ভোটার তালিকা আইনের অধীনে বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে বা সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে ফরম–২ পূরণ করে সহজেই ভোটার হতে পারেন। তফসিল অনুযায়ী, তারেক রহমান চাইলে ২৯ ডিসেম্বরের মধ্যেই লন্ডন থেকে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র স্বাক্ষর করে প্রস্তাবক বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া যায়। দেশে থাকা বাধ্যতামূলক নয়। শুধু নাগরিকত্ব, বয়স, নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছরের বেশি সাজার বিষয়সহ নির্দিষ্ট যোগ্যতা ও অযোগ্যতার শর্তগুলো প্রযোজ্য।
ইসির কর্মকর্তারা জানান, তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে ভোটার হওয়া এবং লন্ডন থেকেই প্রার্থী হতে কোনো বাধা নেই। প্রয়োজন হলে মনোনয়নপত্র ডাকযোগে বা প্রতিনিধির মাধ্যমে দাখিল করা সম্ভব।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পরও কমিশনের এখতিয়ার রয়েছে যোগ্য কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। তাই তারেক রহমান চাইলে বিদেশ থেকেই ভোটার হতে পারবেন।
অন্যদিকে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তিনি দেশে ফিরে এসেই ভোটার হবেন এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৯ ডিসেম্বর পর্যন্ত, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি পর্যন্ত, নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *