ঘু/ষ মা/মলায় চীনা কর্মকর্তার মৃ/ত্যুদণ্ড কার্যকর
চীনে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান ‘চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংস’-এর সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুইয়ের মৃ/ত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল—দায়িত্বে থাকাকালীন প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘু/ষ গ্রহণ ও অর্থ আত্মসাৎ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিয়ানজিনে এই শাস্তি কার্যকর করে চীন সরকার। এর আগে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ, অর্থায়ন ও সুবিধা প্রদানের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ নেন বাই তিয়ানহুই।
চীনের সুপ্রিম পিপলস কোর্ট রায়ের পর্যালোচনা শেষে জানান, বাই-এর অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’, যা রাষ্ট্র ও জনগণের স্বার্থে মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। সাধারণত চীনে দুর্নীতি মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত হলেও তা দুই বছরের স্থগিতাদেশসহ থাকে। তবে বাই তিয়ানহুইয়ের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি।
২০২৪ সালের মে মাসে দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন, কিন্তু একই বছরের ফেব্রুয়ারিতে তা খারিজ হয়ে যায়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিনি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে কীভাবে শাস্তি কার্যকর হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
হুয়ারং প্রতিষ্ঠানের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতিবিরোধী তদন্তের আওতায় রয়েছেন। তাদের ভাগ্য নিয়েও চলছে চীনে ব্যাপক আলোচনা।

