৮ দিনেই দেশে এলো ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স
ডিসেম্বরের প্রথম আট দিনেই দেশে এসেছে ১.০০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ১০০ কোটি ৮০ লাখ ডলারের সমান। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স—এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৩ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরিফ হোসেন খান আরও জানান, শুধু ৮ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ১০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০৪ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। নভেম্বর মাসে এসেছে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগের মাস আগস্ট ও জুলাইয়ে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

