বিএনপি মিত্রজোটের বৈঠক বুধবার
আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও তাদের মিত্রজোটের মধ্যে চলমান টানাপোড়েন আবারও আলোচনার কেন্দ্রে। এ অবস্থায় আগামীকাল বুধবার রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিএনপি–ঘনিষ্ঠ দলগুলো। এতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আরও কয়েকটি দলের অংশগ্রহণেরও সম্ভাবনা রয়েছে।
একটি জোট ও তিনটি দলের শীর্ষ নেতা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সময় জানাতে তারা অনিচ্ছুক।
এদিকে নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার (সি/ইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।
বিএনপি ইতোমধ্যে দুই দফায় মোট ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা রয়েছে ২৮টি আসন, যা শরিকদের জন্য রাখার কথা জানিয়েছে দলটি। কিন্তু মিত্রজোটের অভিযোগ—তাদের সঙ্গে আলোচনা ছাড়া এত বড় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ছয়টি আসনে অনিবন্ধিত মিত্রদলের প্রার্থী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
তবে বিএনপির শীর্ষ সূত্র জানিয়েছে, তারা মিত্রদের সঙ্গে কোনো বিরোধ চান না। ঐক্য অটুট রেখে সমাধানের পথে এগোতে চায় দলটি এবং শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে।

