হাসিনা সরকারের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

রাজনীতি
হাসিনা সরকারের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে
চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত হ/ত্যা ও গণহ/ত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নিয়ে যায় পুলিশ।
এদিন ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনালে আনা সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা হলেন:
আনিসুল হক, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সোলায়মান সেলিম, ফারুক খান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার।
এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে।
জুলাইয়ের অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধের মাধ্যমে গণহ/ত্যার দায়ে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
আগেই পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল–১। নির্ধারিত সময় বাড়িয়েও প্রতিবেদন না জমায় আবার সময় বাড়ানো হয়।
এদিকে, সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রবেশের সময় প্রায় সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *