ইসির বৈঠকে তফসিল চূড়ান্তের প্রক্রিয়া শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রবিবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল পৌনে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সূত্র জানায়, বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি নির্ধারণ, ভোট আয়োজনের প্রস্তুতি, পোস্টাল ব্যালট পরিবহনের সময়সূচি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং নির্বাচন–গণভোট—দু’টি প্রক্রিয়ার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। মোট ১০টি আলোচ্যসূচির মধ্যে রয়েছে—রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন, মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন এবং তফসিলের আগে-পরে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আজকের বৈঠকেই তফসিল ঘোষণার সময় ঠিক হবে। এরপর ইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং সম্মতি পাওয়ার পর সিইসি আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
এরই মধ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ও আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর ইসি বঙ্গভবনে গিয়ে নির্বাচন প্রস্তুতির সার্বিক চিত্র রাষ্ট্রপতিকে জানাবে।
এদিকে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে ডিসি, ইউএনও, এসপি, ওসি পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। নির্বাচন আইন ও বিধিমালায় আনা নতুন পরিবর্তন শতভাগ মানার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ইসি। পাশাপাশি প্রার্থী, রাজনৈ/তিক দল, ভোটারসহ সব পক্ষের সহযোগিতা কামনা করেছে কমিশন।

