আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অব/রোধ
আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে দেশের মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে তারা ভবনের সামনে জড়ো হন। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় সৃষ্টি হয় যানজট।
মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে কোনো সমাধান টেকসই হবে না বলে তিনি মন্তব্য করেন।
দিনের শুরুতেই আমদানি শুল্ক কমানোসহ আরও ৬ দফা দাবিতে ব্যবসায়ী ও কর্মচারীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। নিরাপত্তার অংশ হিসেবে ভবন ঘিরে রাখে পুলিশ।
ব্যবসায়ীরা দাবি করেন, নতুন এনইআইআর নিয়ম বাস্তবায়ন হলে সারা দেশের লাখো মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের অভিযোগ, এ নিয়ম শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করবে, একই সঙ্গে বাড়তি করের কারণে গ্রাহক পর্যায়েও মোবাইল সেটের দাম বৃদ্ধি পাবে।
এর আগে শনিবার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী সব মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়।
ব্যবসায়ীদের ৬ দফা দাবি:
স্মার্টফোন আমদানিতে স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে আমদানি শুল্ক সর্বোচ্চ ১৫% করা
এনইআইআর বাস্তবায়নে বেসরকারি অর্থায়ন বাতিল করে সরকারি অর্থায়ন নিশ্চিত করা
সারা দেশের অবিক্রীত মোবাইল বিক্রিতে কোনো শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া
এনইআইআর কার্যকরের আগে গ্রাহক–বিক্রেতার জন্য ডেমো/টিউটোরিয়াল প্রকাশ
বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ ও দ্রুত করা

