কওমী সনদধারীরাও কাজী হতে পারবেন
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার অর্থাৎ কা/জী হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করার সুযোগ শুধুমাত্র আলিম সনদধারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইন মন্ত্রণালয় সংশোধনী এনেছে, যার ফলে এই সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ডের দাওরায়ে হাদিস উত্তীর্ণ সনদধারীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে বৃহত্তর একটি শিক্ষিত অংশ নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

