শিক্ষাভবন মোড় অবরোধ করল ৭ কলেজের শিক্ষার্থীরা
প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকা এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাময়িক ভোগান্তি তৈরি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল উচ্চমাধ্যমিক পর্যায়ের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে। তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। তাদের উদ্দেশ্য—শিক্ষার মান ও কাঠামো যেন নতুন কোনো মডেলের কারণে বিভ্রান্ত না হয়।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারি করতে হবে। খসড়া আইন প্রকাশিত হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ ১২ নভেম্বর জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

