মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে কাতারের রয়েল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে—এ তথ্য জানিয়েছেন দলের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তিনি জানান, কাতারের পক্ষ থেকে জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম খালেদা জিয়া এখনো ফ্লাই করার মতো পূর্ণ সক্ষমতা অর্জন করেননি। গত দুই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। প্রতিদিন নিয়মিত সভায় তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে বোর্ড।
২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড চিকিৎসা দিচ্ছে। বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

