ওমর সানীর হৃদয়ে শূন্যতা রেখে গেলেন পরিচালক শেখ নজরুল

বিনোদন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
বিশেষভাবে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয় জীবনের শুরুতেই শেখ নজরুল ইসলামের হাত ধরে আলোচনায় আসেন তিনি। নব্বই দশকের সুপারহিট ছবি ‘চাঁদের আলো’র মাধ্যমে প্রথমবার বড় পর্দায় আসেন ওমর সানী, সঙ্গে ছিলেন অভিনেত্রী মুক্তি। ১৯৯৩ সালের এ সিনেমার জনপ্রিয় গান ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ আজও দর্শকের হৃদয়ে স্থান করে আছে।
শোকবার্তায় ওমর সানী ফেসবুকে লিখেছেন— আমার ওস্তাদ না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। মনে হচ্ছে, বাবা-শ্বশুর-প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হয়ে গেল। তিনি আরও লিখেছেন, শেখ নজরুল ইসলাম শুধু একজন নির্মাতা নন, তিনি নিজেই একটি ইতিহাস। আমাকে তিনি যে সুযোগ দিয়েছেন, তা আজীবন কৃতজ্ঞ হয়ে মনে রাখব।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু করেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর তৈরি করেন বেশ কয়েকটি জনপ্রিয় ও সফল চলচ্চিত্র।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যা/গ করেন। রবিবার (২৩ নভেম্বর) নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দা/ফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *