চোটের কারণে মাঠে ফেরা দীর্ঘ হচ্ছে সোহানের
গোড়ালির চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান সোহান। পরিস্থিতি গুরুতর হওয়ায় স্ট্রেচারের সাহায্যে তাকে মাঠ ছাড়তে হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে এক্স-রে করা হলে তার পায়ে প্লাস্টার দেওয়া হয়। পরবর্তীতে তিনি হোটেলে ফিরে বিশ্রামে যান। আঘাত তেমন জটিল কিছু না হলেও নিবিড় পর্যবেক্ষনে আছেন সোহান।
বিসিবির মেডিকেল বিভাগের এক সূত্র জানিয়েছে, এমআরআই রিপোর্টে বড় কোনো জটিলতা না ধরা পড়লেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। ফলে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সোহানকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সেই সাথে চলমান এনসিএলের (জাতীয় লীগ) এই রাউন্ডে কিংবা আগামী দুই রাউন্ডেও খেলতে পারবেন না এই উইকেট কিপার ব্যাটার।
অন্যদিকে একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকেও।
উইন্ডিজ সিরিজ শেষে দলের অন্য সদস্যরা ঢাকায় ফিরলেও সোহান ও শরিফুলকে বিশেষ ব্যবস্থায় আনা হয়। বর্তমানে দুজনই ঢাকায় বিশ্রামে আছেন।

