লিগ বর্জন করা ক্লাবের বিরুদ্ধে বিসিবির কঠোর পদক্ষেপ

খেলাধুলা
লিগ বর্জন করা ক্লাবগুলোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার (৩ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও বিসিবি আয়োজিত সব ঘরোয়া টুর্নামেন্টে কোনো দল যদি লিগে অংশগ্রহণ না করে বা টুর্নামেন্ট চলাকালে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে সেই দলকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী দলটির অবনমন ঘটবে।
বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।
২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।
৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।
৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।
৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।
৬) ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে এই নতুন বিধান। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের এই পদক্ষেপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
উল্লেখ্য অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্লাব মালিক। সেই সঙ্গে সদ্য নির্বাচিত বিসিবি পরিচালকদের অধীনের কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাব মালিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *