যশোর-৬ আসনে বিএনপির তরুণ চমক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় সবচেয়ে বড় চমক কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)। যশোর-৬ (কেশবপুর) আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তরুণ নেতা হিসেবে দলের ভরসা অর্জন করেছেন তিনি। ঘোষিত প্রার্থীদের মধ্যে শ্রাবণই সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের সন্তান কাজী রওনকুল ইসলাম ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে তিনি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
২০২৩ সালের আগস্টে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও, পরবর্তী দুই মাসের মধ্যেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয় তাকে। প্রার্থী ঘোষণার পর অনুভূতি জানাতে গিয়ে শ্রাবণ বলেন, “এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেশবপুর আসনটি অনেক দিন ধানের শীষের ছিল না। জনগণের ভোটে এ আসন পুনরুদ্ধার করতে চাই। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান দিতে চাই জনগণের সেবার মাধ্যমে।”
তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফায় তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি আছে। আমি নির্বাচিত হলে কেশবপুরের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে কাজ করব।”
এই তরুণ নেতার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

