বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নের জন্য এখন নির্বাচিত সরকার প্রয়োজন। তবে কিছু রাজনৈতিক দল এই নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।
তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে এসেছে। কিন্তু কথার ব্যবহারে বিএনপিকে যেন ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়।”
তিনি আরও যোগ করেন, “জিয়াউর রহমানের মানুষের প্রতি আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল। তিনি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও আওয়া/মী লী/গ তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, তা সম্ভব হয়নি। ইতিহাস তার নাম সংরক্ষণ করেছে। তারেক রহমানও পিতার দেখানো পথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন।”

