নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা
কানাডার বিপক্ষে সহজ জয়ের শুরু। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুই সুপার ওভারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
শনিবার আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে মার্কো জানসেনের চমৎকার বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় এইডেন মার্করামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। এই আসরে প্রথম হার দেখলেও নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে সমান একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে তিনে সংযুক্ত আরব আমিরাত। সমান ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান ও কানাডা।
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০০ রানের আভাস দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু মার্কো জানসেনের চমৎকার বোলিংয়ে ১৭৫ রানে থামে তারা। পাওয়ার প্লেতে নিজের দুই ওভারে তিন উইকেট নিয়ে কিউইদের ব্যাকফুটে ফেলে দেন এই বাঁহাতি পেসার। দুই ওপেনার টিম সেইফার্ট ৯ বলে ১৩ ও ফিন অ্যালেন চারটি চার ও দুটি ছয়ে ১৭ বলে ৩১ রান করেন। তিনে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র ৮ বলে ১৩ রান করে ফেরেন। এরপর গ্লেন ফিলিপস ৩ বলে ১ রান করে কেশব মহারাজের স্পিন ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর ১৪তম ওভারে চাপম্যান জানসেনের চতুর্থ শিকার হলে ভাঙে ডারেল মিচেলের সঙ্গে ৭৪ রানের জুটি। ২৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর মিচেল ২৪ বলে ৩৪ রানে ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত জেমস নিশাম ১৫ বলে ৩ চারে ২৩ রানে অপরাজিত ছিলেন।
রান তাড়ায় পাওয়ার প্লেতেই ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে ম্যাচটা সহজ করে তোলে দক্ষিণ আফ্রিকা। মার্করামের সঙ্গে ওপেনিং জুটিতে কুইন্টন ডি কক ৪.৪ ওভারে ৬২ রান করেন। ডি কক ১৪ বলে ২০ রানে থামেন। সমান ২১ রানে রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিসের উইকেট নিয়েছে নিউজিল্যান্ড। তারপর ডেভিড মিলারকে নিয়ে বাকি কাজটা সারেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। ১৯ বলে ফিফটি করা এই ডানহাতি ব্যাটার ৪৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়। আর মিলার অপরাজিত ছিলেন ২৪ রানে। ৪ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা জানসেন। এই হারে বিশ্বকাপে একই প্রতিপক্ষের কাছে সর্বোচ্চ হারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে দুই নম্বরে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের কাছে পঞ্চম হার দেখল তারা।
#ক্রিকেট #ম্যাচ #টি20 #নিউজিল্যান্ড
#বিশ্বকাপ #দক্ষিণ_আফ্রিকা #জয়
#cricket #south_africa #newzeland
#match #t20 #worldcup #win
#sports #sportsnews #JONODESH

