ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম শেষ হওয়ার পরেও নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ধারাবাহিকতায় এবার পাকিস্তানি তারকা অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে এই অলরাউন্ডার এবারের বিপিএল মাতাতে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।বিপিএলে ফাহিম আশরাফ বেশ পরিচিত মুখ। গত আসরে তিনি ফরচুন বরিশালের হয়ে উজ্জ্বল পারফর্ম করেছিলেন। ব্যাট হাতে ২৭৮ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ২০টি উইকেট।পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলা এই ক্রিকেটার ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬০ উইকেট। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্টের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। ফাহিম আশরাফের অন্তর্ভুক্তি রংপুর রাইডার্সের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করল। নিলামের আগে সরাসরি চুক্তিতে তারা দলে টেনেছিল উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। নিলাম থেকে দেশিদের মধ্যে দলে এসেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাওহিদ হৃদয় এবং নাহিদ রানার মতো ক্রিকেটাররা। বিদেশি কোটায় নিলামের মাধ্যমে ইতালির এমিলিও গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে দলে নিয়েছে রংপুর। সরাসরি চুক্তিতে আগে থেকেই দলে ছিলেন পাকিস্তানি খাজা নাফে ও সুফিয়ান মুকিম।

