টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা চার দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার প্রেসসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন ছুটি ঘোষণার ফলে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রম বন্ধ থাকবে।
নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১৪ ফেব্রুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটির সুবিধা পাচ্ছেন। এতে রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিনের ছুটি পাবেন। তবে শ্রম আইন অনুযায়ী, এই ছুটি ভোগের বিপরীতে পরবর্তী সময়ে এক দিন অতিরিক্ত কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছুটি শুক্র ও শনিবারে পড়েছে। পাশাপাশি ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও বহাল রয়েছে।
#চারদিনের_ছুটি #সরকারি_ছুটি #জাতীয়_নির্বাচন
#BangladeshHoliday #ElectionHoliday #GovtEmployees

