পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের যে অভিমত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসানের আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার লাহোরে অনুষ্ঠিত আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জোর দিয়ে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। তিনি বলেন, ‘আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই এর কিছু বলার নেই।’
গতকাল সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা পেতে আগামী এক-দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এরপরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই থাকবে।
এদিকে পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য রোববার (8 ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী এক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বরফ গলার আভাস পাওয়া গেছে।জানা গেছেম বৈঠকে আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে পিসিবি। দাবিগুলো হলো- ১. বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ২. টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের প্রাপ্য ‘অংশগ্রহণ ফি’ নিশ্চিত করতে হবে। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট একক বা যৌথভাবে আয়োজনের অধিকার বাংলাদেশকে দিতে হবে। উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপরেই বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি ঘোষণা করে যে দেশের জাতীয় ক্রিকেট দল চলমান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে গ্রুপ-স্টেজে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। পিসিবি অভিযোগ করেছে, বাংলাদেশ বিষয়ে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।
#ক্রিকেট #ভারত #পিসিবি #পাকিস্তান
#ম্যাচ #বিসিবি #বাংলাদেশ #টি20
#বিশ্বকাপ #২০২৬ #অভিমত #বিসিসিআই
#cricket #pcb #bcb #bcci
#Pakistan #india #Bangladesh #t20
#worldcup #2026 #match
#sports #sportsnews #JONODESH

