চাঁদপুরের “খুদে মেসি ” খ্যাত সোহান পাচ্ছে বিকেএসপি স্কলারশিপ

খেলাধুলা
চাঁদপুরের “খুদে মেসি ” খ্যাত সোহান পাচ্ছে বিকেএসপি স্কলারশিপ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া মাত্র ছয় বছর বয়সেই ফুটবলের অসাধারণ কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে । স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদুতে মুগ্ধ করছে সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খুদে মেসি’ হিসেবে পরিচিতি পাওয়ার পর এবার এই ছোট্ট প্রতিভাবান ফুটবলারের জীবনে যুক্ত হলো নতুন অধ্যায় বিকেএসপি স্কলারশিপ।
সোমবার রাত ৯টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।বিশেষজ্ঞদের মতে, এটি গ্রামীণ ক্রীড়া প্রতিভা বিকাশের ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত ।
এই ঘোষণার মাধ্যমে মতলবের গ্রামীণ শিশু সোহানের সামনে তৈরী হয়েছে দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার প্রশিক্ষণ নেওয়ার এবং প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ।
এর আগে, সোহানের ফুটবল নৈপুণ্যের ভিডিও ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তার নির্দেশে দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক সোহানের পাশে দাঁড়ান এবং তার পড়াশোনা ও অনুশীলনের সব খরচ বহন করেন। এই ধারাবাহিকতায় এখন বিকেএসপির সুযোগ পেয়ে নতুনভাবে আলোচনায় এসেছে এই ক্ষুদে ফুটবলার।
সোহানের বাবা মো. সোহেল প্রধান নিজেও অনেক আশাবাদী সেই সাথে তিনি বলেন, আমি গরিব মানুষ, কিন্তু ছেলেকে কখনও থামাইনি। এখন অনেকেই পাশে এসেছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা গর্বিত যে মতলবের একটি শিশু এখন বিকেএসপিতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সোহানের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।এখন সেই খুদে ফুটবলারের মুখে একটাই স্বপ্নের কথা,আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *